রংপুর-ঢাকা মহাসড়কের পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও পুলিশসহ ৭ জন আহতের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে পীরগঞ্জের কলাবাগান নামক স্থানে ওই ঘটনা ঘটে।
বড়দরগা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ইনচার্জ নাজমুল হক মণ্ডল জানান, রবিবার দুপুরে বগুড়া থেকে ছেড়ে আসা বগুড়া ব-২৪৩৮ নম্বরের তুহিন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে। এতে ৮/১০ জন যাত্রী সামান্য আহত হয়।
ওই ঘটনার কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থলের একশ গজ দুরে বগুড়া থেকে ছেড়ে আসা চিনিভর্তি ট্রাক ও রংপুর থেকে ছেড়ে আসা সোনালী ব্যাংকের টাকা পরিবহনকারী মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি মহাসড়ক উপরে উল্টে যায়। ওই ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার জীতকুমার, সোনালী ব্যাংকের ক্যাশিয়ার আনু মোহাম্মদ, পুলিশ কনস্টেবল ইসরাফিল, শাহজাহান আহত হয়।
এ সময় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম দেখতে আসা উৎসুক জনতা আশরাফুল ইসলাম(৩০) ট্রাকের নীচে চাপা পড়ে নিহত হন। আশরাফুল উপজেলার পীরগঞ্জ ইউপির দুবরাজপুরের আবুল কাশেমের ছেলে। এ সময় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের কর্মী সাজ্জাদ হোসেনকে গণপিটুনি দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। আহতের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
