‘গতবছর গ্রামে ৬ হাজার চিকিত্সক নিয়োগ দেয়া হয়েছে’

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৮:৩৭
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্রামে ও প্রতিটি জেলার প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালের জন্য গত বছর ৬ হাজার চিকিত্সক নিয়োগ দেয়া হয়েছে এবং দু-একটি ব্যতিক্রম ছাড়া তারা সেখানে কাজ করছেন।’
 
রবিবার গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে বিশেষজ্ঞ চিকিত্সকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. হাবিবে মিল্লাত, অধ্যাপক ডা. আফম রুহুল হক, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ডা. দীন মোহাম্মদ ও হাসপাতালের সিইও সাইজা নূর হানাফিয়া।
 
মতবিনিময় সভায় গাইনি, নিউরোলজি, অর্থোপেডিক, চর্ম, হেপাটলজি, বক্ষব্যাধি, কার্ডিওলজি, নাক-কান-গলা বিষয়ের বিশেষজ্ঞ দেশের ২০ জন খ্যাতিমান চিকিত্সক অংশ নেন।