আহসান হাবিব নাসিম। অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক তিনি। সংগঠনটির কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি গঠনের নির্বাচন হতে যাচ্ছে এপ্রিলে। সার্বিক এই বিষয়গুলোর পাশাপাশি নিজের ব্যক্তিগত ব্যস্ততা নিয়ে বিনোদন প্রতিদিনের সঙ্গে কথা বললেন তিনি। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
অভিনয়শিল্পী সংঘের নির্বাচন প্রসস্তু প্রসঙ্গে বলুন—
আমরা বেশ কয়েকটি মিটিং করেছি এখন পর্যন্ত। আজকেও (গতকাল) একটি মিটিং করা হয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত দু-বছরে সংগঠনের সদস্য অনেকাংশে বেড়েছে বলে শোনা যাচ্ছে। এর কারণ হিসেবে কী বলবেন?
অনেক সদস্য বেড়েছে এমনটা নয়। গত দু-বছরে প্রায় ১০০ জন সদস্য বেড়েছে। এটা খুব বেশি বলে আমি মনে করি না।
আপনাদের সময়ে সংগঠনের বেশকিছু বিষয়ের পরিবর্তন এসেছে। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় জানতে চাই—
আমাদের মূল কাজটি ছিল অভিনয়শিল্পীদের সাংগঠনিক করা। আমাদের সমস্যায় যেন আমরাই এগিয়ে আসতে পারি। শিল্পীদের নিবন্ধন থেকে শুরু করে তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে সংগঠনের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন সবাই। আমরা সবার জন্য একটি ফান্ড করেছি। সেখান থেকে অভিনয়শিল্পীদের আর্থিক সহযোগিতার নিশ্চয়তা আমরা করেছি।
আপনাদের ফান্ডের জোগানটা কীভাবে আসে?
সদস্যদের নিয়মিত চাঁদা নির্ধারণ করা আছে। পাশাপাশি বিভিন্ন শিল্পীরা ফান্ডে অর্থ জমা রাখেন। এছাড়া আমরা দুটি বেশ বড় ইভেন্ট করেছি। সেখানে আমরা যে বিজ্ঞাপন পেয়েছি সেখান থেকে অনুষ্ঠানের খরচ বাদে বাকিটা ফান্ডে জমা পড়েছে। এখন পর্যন্ত ২০ লক্ষ টাকা আমাদের ফান্ডে জমা আছে।
সংগঠনের সাথে শিল্পীদের যোগাযোগটা নিয়মিত ছিল কি-না?
যোগাযোগ নিয়মিত ছিল। গত দু-বছরে আমরা ৫০টি সমস্যার সমাধান করেছি। এরমধ্যে নওশবা ও কল্যাণের বিষয়গুলোও রয়েছে।
আগামী নির্বাচনে জয়ী হলে নতুন কাজের পরিকল্পনা কী?
আমি সংগঠনের ফান্ড আরো শক্ত করতে চাই। কারণ এক সময় দেখা যায় আমাদের শিল্পীরা আর্থিক কারণে অনেক সমস্যায় পড়েন। সেই জায়গাটা ঠিক করতে চাই। এছাড়াও অন্যান্য নাট্য সংগঠন, টেলিভিশন ও এজেন্সি সবাইকে একসাথে করার একটি পরিকল্পনা রয়েছে। কারণ আমাদের এখন শিল্পী বেড়েছে তবে কাজের সুযোগ কমেছে। অনেক ভালো শিল্পীরা হয়তো কাজ পাচ্ছে না। এছাড়া নাটকের গল্পের দিকটা যেন আরো মানসম্মত হয় সেই বিষয়ে কাজ করতে চাই।
আপনার অভিনয় ব্যস্ততা প্রসঙ্গে বলুন—
‘জনপ্রতিনিধি’ শিরোনামে একটি নাটক আজ চ্যানেল আইতে প্রচার হবে। এছাড়াও রওনক হাসানের একটি ধারাবাহিক নাটকে কাজ করবো। এখন সেভাবে অভিনয় করার সুযোগ হয় না। তাই কম কাজই করছি।
কাজের সুযোগ না হওয়ার কারণ?
সংগঠন ও ব্যক্তিগত ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হয়। এর বাইরে সময় পেলে কাজ করছি।’
