সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার ও হয়রানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল রবিবার ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে বলা হয়, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সভায় এই আইনের ১ ও ২ নম্বর ধারা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক (ভারপ্রাপ্ত) তাসমিমা হোসেন, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইন্ডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। —সংবাদ বিজ্ঞপ্তি
