সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৪০০ কোটির মামলা জনির

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:৫৩

g বিনোদন ডেস্ক

 

‘পাইরেট অব দ্য ক্যারাবিয়ান’ খ্যাত হলিউড তারকা জনি ডেপ সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৪০০ কোটি টাকার মানহানির মামলা করলেন। ২০১৬ সালে বিচ্ছেদের সময় আদালতের কাছে করা প্রতিজ্ঞা ভঙ্গের জন্য সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মামলাটি করেন তিনি।

দীর্ঘ ৪ বছর প্রেমের পর ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হলিউড তারকা জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। তবে বেশিরভাগ তারকার মতোই স্থায়ী হয়নি তাদের সংসার জীবন। অবশেষে ২০১৬ সালে জনি ডেপের বিরুদ্ধে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ এনে আদালতে ডিভোর্সের আবেদন করেন অ্যাম্বার হার্ড। স্ত্রীর সেই অভিযোগ অস্বীকার করলেও প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫৬ কোটি বাংলাদেশি টাকা দিয়ে এই ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেন জনি ডেপ। তবে আদালতের কাছে দু’জনই প্রতিজ্ঞা করেন যে, ভবিষ্যতে তাদের দাম্পত্যজীবন নিয়ে জনসম্মুখে আর কোনো ধরনের আলোচনা করবেন না তারা।

কিন্তু ২০১৮ সালে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেন অ্যাম্বার হার্ড। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে আবারো শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন অ্যাম্বার হার্ড।