রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকায় এক গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে তার ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘ওই গৃহকর্মীর মায়ের অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই গৃহকর্মী দক্ষিণখান মোল্লারটেক এলাকায় খোকা মিয়ার বাসায় তিন মাস ধরে কাজ করত। খোকা মিয়ার আত্মীয় মো. আরিফ (৩০) ওই গৃহকর্মীকে কয়েক দিন ধরে ধর্ষণ করে। পরে ওই গৃহকর্মীকে মো. আরিফের বড় ভাই হুমায়ুন কবিরের উত্তরার বাসায় পাঠিয়ে দেয়া হয়। এ খবর পেয়ে গৃহকর্মীর মা রাজশাহী থেকে এসে থানায় অভিযোগ করে। তার দেয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাসা থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করে।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় গৃহকর্মীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করবেন বলে পুলিশের কাছে জানিয়েছেন। অপর দিকে গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মো. আরিফকে আটকের চেষ্টা করছে।’
