সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ আবারো পিছিয়েছে। এ নিয়ে অভিযোগ গঠনের দিন সপ্তমবারের মতো পেছাল। মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের তারিখ ছিল।
আদালত সূত্রে জানা গেছে, প্রতিবারের মতো মঙ্গলবারও আসামিদের অনুপস্থিতির কারণে অভিযোগ গঠন করা যায়নি। মামলার অন্যতম আসামি সিলেট সিটি কর্পোরেশনের (বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থতাজনিত কারণে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামির অন্য মামলায় হাজিরা থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কিশোর কুমার কর জানিয়েছেন, কিবরিয়া হত্যা মামলায় অতীতে বেশ কয়েকবার তারিখ নির্ধারিত ছিল। একই তারিখে অন্য মামলায় আসামিদের হাজিরা থাকায় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে, আজ মামলার পরবর্তী তারিখ ঘোষণা করা হয়নি। ঢাকাসহ অন্য আদালতে আসামিদের হাজিরা আছে কি-না, তা জেনে পরবর্তীতে তারিখ নির্ধারণ করা হবে বলে আদালত সূত্রে জানা যায়।
খবর বাসসের।
