কেরাণীগঞ্জের ইকুরিয়ায় ২১অগাষ্ট অগ্নিদগ্ধে একই পরিবারের ৫জন দগ্ধ হওয়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশু আব্দুল গনির মৃত্যু হয়। শিশু আব্দুল গনি রিকশা চালক মো. রিপনের ছোট ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবা মো. রিপন (৪৫), মা মলিদা (৩৫), বোন রিপা (১৬) ও ভাই মনির হোসেন (১৪) এখনও বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২১আগস্ট ভোরে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন । মো. রিপনের শরীরের ৬৫ ভাগ, মলিদা আক্তারের ৩০ ভাগ, রিপার ২০ ভাগ, মনিরের ২৫ ভাগ ও গণির শরীরের ৪০ ভাগ পুড়ে যায়।
কেরাণীগঞ্জ দক্ষিণ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, 'লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
