অল্প জমিতে কম খরচে অধিক মুনাফা পেতে ফুল/বাঁধাকপি ক্ষেতে ভুট্টা চাষ খুবই লাভজনক। ভুট্টা গাছ বড় হয়ে ছায়া দেওয়ার আগেই কপি উঠে যায়। তাই ফসলের কোনো ক্ষতি হয় না। এই চাষ পদ্ধতি দেখে গ্রামের অনেকেই আগামী মৌসুমে সহায়ক ফসল চাষের আগ্রহ দেখাচ্ছেন। এজন্য অনেকেই এই চাষ পদ্ধতি জানতে পরামর্শ নিচ্ছেন। কথাগুলো বলছিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ছোট কমলাবাড়ী এলাকার সফল ভুট্টা চাষি ধর্ম নারায়ণ।
তিনি এখন লালমনিরহাটের সফল ভুট্টা চাষি হিসেবে পরিচিত। তার দেখাদেখি ভুট্টা চাষের বাম্পার ফলনেও খুশি স্থানীয় অন্যান্য কৃষকরা।
ইতিমধ্যে ভুট্টা চাষ করে তারা আলোড়ন সৃষ্টি করেছেন। একই জমিতে বেশি মুনাফা পেতে বাঁধা কপির পাশাপাশি ভুট্টা চাষ করে তারা এ সুফল পাচ্ছেন। সফল চাষিদের মধ্যে ধর্ম নারায়ণ অন্যতম।
২৭ শতাংশ জমিতে বাঁধাকপি ও ভুট্টা চাষে খরচ হয়েছে ৫ হাজার টাকা। ভুট্টা ঘরে তোলা পর্যন্ত তার ২ হাজার টাকা খরচ হবে। ২৫ হাজার টাকার বাঁধাকপি বিক্রি করেছেন। এছাড়াও ভুট্টা থেকে ১২/১৫ হাজার টাকা আয় করার কথা জানান ধর্ম নারায়ণ।
ধর্ম নারায়ণ একজন দক্ষ চাষি বলেন, হাজিগঞ্জ বাজারের কীটনাশক ব্যবসায়ী দেলোয়ার হোসেন মাস্টার। সব সময় ফসলের ফলন বাড়ানো নিয়েই ব্যস্ত থাকেন। ফসলই তার প্রাণ। একই জমিতে দুই ফসল চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি।
আরো পড়ুন: বিমানবন্দরে স্ক্যানার এড়িয়ে গেল কাঞ্চনের পিস্তল, বরখাস্ত একজন
ধর্ম নারায়ণ তার নিজস্ব ২৭ শতাংশ জমিতে প্রতিবছর বিভিন্ন জাতের সবজির চাষ করেন। পরিবারের সচ্ছলতা ফেরাতে এই অল্প জমিতে ভালো মুনাফা ও অধিক আয় করতে একই জমিতে একাধিক ফসল চাষের পরিকল্পনা নেন তিনি। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বাঁধাকপি চাষ করেন তার জমিতে। বাঁধাকপি চারা বড় হলে শেষ নিড়ানিতে কপি ক্ষেতের মধ্যে ভুট্টার বীজ বপন করেন। একই সেচ, সার ও কীটনাশকে পরিপক্ব হয়ে উঠে বাঁধাকপি ও ভুট্টা। ইতোমধ্যে বাঁধাকপি ক্ষেত থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি করেছেন। বাঁধা কপি উঠে গেলে একক ফসল হিসেবে বড় হচ্ছে ভুট্টা গাছ। এভাবে একই জমিতে এক ফসলের খরচে ধর্ম নারায়ণের ঘরে আসছে দুইটি ফসল।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিধু ভুষন রায় জানান, ‘একই জমিতে দুইটি ফসল চাষ বেশ লাভজনক। শুধু কপি ক্ষেতে নয়, আলু ক্ষেতেও সহায়ক ফসল হিসেবে ভুট্টা চাষ বেশ লাভজনক।’
ইত্তেফাক/বিএএ
