রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সোয়া দুই লাখ ইউনিট বিদ্যুত্ চুরির ঘটনা উদঘাটন করা হয়েছে।
কামরাঙ্গীরচরের আমান উল্লাহ প্লাস্টিক এবং হাবীব প্লাস্টিক নামের দুটি কারখানায় মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিশেষ টাস্কফোর্স। এ ঘটনায় দুই কারখানার মালিকের বিরুদ্ধে সাড়ে ৪৮ লাখ টাকা জরিমানার আদেশ জারি করা হয়েছে এবং মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানের পরপরই কারখানা দুটির বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন এবং উত্পাদন বন্ধ করে দেয়া হয়েছে।
অভিযানে দেখা যায়, আমান উল্লাহ প্লাস্টিক এবং হাবীব প্লাস্টিক বৈদু্যুতিক মিটারে টেমপারিং এবং বাইপাসের মাধ্যমে বিদ্যুত্ চুরি করত।
এ প্রসঙ্গে ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, নানা কৌশলে কয়েকটি শিল্প কারখানার মালিক বিদ্যুত্ চুরির ঘটনায় লিপ্ত। এসব ঘটনায় ডিপিডিসির কিছু অসাধু কর্মকর্তাদের জড়িত থাকার আলামত পাওয়া যাচ্ছে। বিদ্যুত্ চুরিতে জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং জেল জরিমানার পাশাপাশি নেপথ্যে জড়িতদের বিরুদ্ধেও কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
