কাজী জাফরের জানাজা শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমে

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১১:০৩
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও তার আরেকটি জানাজা হতে পারে বলে জানা গেছে। 
 
কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন। দাফনের বিষয়টি স্ত্রী ও মেয়েদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
 
বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড-৬৮, বাসা-২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর। এরপর দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আনা হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী মমতাজ বেগম, তিন মেয়ে কাজী জয়া আহমেদ, কাজী সোনিয়া আহমেদ ও কাজী রুনা আহমেদসহ অসংখ্য গুণগ্রাহী, কর্মী রেখে গেছেন।
 
তার মৃত্যুর খবর শুনে ইউনাইটেড হাসপাতালে ছুটে আসেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
 
কাজী জাফর ১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার প্রখ্যাত চিওড়া কাজী পরিবারে জন্মগ্রহণ করেন।