শরীরের সুস্থতা নিশ্চিত করার জন্য এখন প্রযুক্তির সহায়তা নিয়ে থাকেন অনেকেই। স্মার্ট ব্যান্ড, স্মার্ট ব্রেসলেটের মতো অনেক ওয়্যারেবল ডিভাইসই এখন ব্যায়ামসহ নানা ধরনের শারীরিক কর্মক্ষমতার হিসাব নিয়ে থাকে।
শরীরের নানা ধরনের তথ্য বিশ্লেষণ করে কার জন্য কতটা ব্যায়াম করা দরকার, তার তথ্যও জানিয়ে দিয়ে থাকে।
ওএম সিগন্যাল নামের একটি প্রতিষ্ঠান এবারে শারীরিক পরিশ্রমের এই হিসাব রাখার জন্য তৈরি করেছে বিশেষ ধরনের পোশাক।
এই পোশাকে ব্যবহার করা হয়েছে অ্যাকসেলারোমিটার থেকে শুরু করে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম সেন্সরের মতো সব সংবেদনশীল সেন্সর। ফলে শারীরিক পরিশ্রমের পাশাপাশি হূদযন্ত্রের ক্রিয়া বা অন্যান্য শারীরিক তথ্যও এটি সহজেই সংগ্রহ করতে পারে।
স্মার্ট এই শার্ট থেকে সংগ্রহ করা তথ্য ব্লুটুথের মাধ্যমে সংশ্লিষ্ট স্মার্টফোন অ্যাপে সহজেই স্থানান্তর হয়ে যায় এবং ওই অ্যাপের মাধ্যমে এসব তথ্য বিশ্লেষণও করা যায়। অ্যাপটি নিজে থেকেও এসব তথ্য বিশ্লেষণ করে পরবর্তী করণীয় সম্পর্কে জানিয়ে দিতে পারে।
এই বিশেষ স্মার্ট পোশাকটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে নমনীয় সুতার কাপড়, যা মেশিনেও ধোয়া যায়। ছয়টি ভিন্ন ভিন্ন রঙে এবং সকলের জন্য উপযোগী আকারেই তৈরি করা হয়েছে এই পোশাক।
