ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসামি ধরতে গিয়ে আসামি পক্ষের লোকজনের হামলায় দুই পুলিশ অফিসার আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছ থেকে আসামি রুবেলকে ছিনতাই করে নিয়ে গেছে আসামি পক্ষের লোকজন। শুক্রবার ভোরে যাত্রাপুরের বড়তল্লায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ অফিসাররা হলেন, আশুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মো. ইদ্রিস মিয়া ও মতিঝিল থানার সাব ইন্সপেক্টর মো. মুজিবর রহমান। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিএমপির মতিঝিল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় দুই আসামিকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আশুগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় রুবেলের বাড়িতে আসে পুলিশ। গ্রেফতারকৃত দুই আসামি রুবেলকে চিনিয়ে দিলে মতিঝিল থানা পুলিশ তাকে হাতকড়া পড়ায়। এ সময় আসামি রুবেল চিৎকার শুরু করলে তার পাশের একটি বিয়ে বাড়ি থেকে ২০-২৫জন লোক এসে পুলিশের ওপর হামলা চালায়। সাব ইন্সপেক্টর ইদ্রিস ও মুজিবরকে বেধড়ক পিটুনি দেয়। পরে পুলিশের হাত থেকে হাতকড়া পড়া অবস্থায় আসামি রুবেলকে নিয়ে যায় আসামি পক্ষের লোকজন। পরে আশুগঞ্জ থানা থেকে আরো পুলিশ ঘটনাস্থলে পৌছে ইদ্রিস ও মুজিবরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর বলেন, 'হামলাকারীদের বিরুদ্ধে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা নেয়া হয়েছে। হাতকড়াসহ আসামিদের খুঁজে বের করার জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।'
