রাজধানীর মতিঝিলের আরামবাগে একটি বাসা থেকে পুলিশ মাজেদ মোল্লা নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। তিনি একজন প্রিন্টিং প্রেসের মালিক। গতকাল শুক্রবার রাতে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় ঐ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুরে। বাবার নাম কছের মোল্লা। মাজেদকে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষরা হত্যা করেছে বলে পুলিশের সন্দেহ। এতে তার বন্ধুদের কেউ জড়িত থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
মতিঝিল থানার এসআই আবু তাহের জানান, ওই বাড়িতে মাজেদের বন্ধুদের আনাগোনা ছিল। বেশ আড্ডাবাজিও হতো। ধারণা করা হচ্ছে, মাজেদের কোনো বন্ধুই এ হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ, খুনের ধরন দেখে মনে হয়েছে এটা অপেশাদার খুনির কাজ। এসআই তাহের জানান, মাজেদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে রশি, গামছা ও কাপড় দিয়ে হাত পা বেঁধে রাখা হয়।
