সুস্থ্য ধারার চলচ্চিত্র নির্মানে অঙ্গীকারের মধ্যদিয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত দুদিন ব্যাপী ১ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজ শনিবার বিকালে সমাপ্ত হয়েছে।
চিলড্রেন্স ফিল্ম সোসাইটি (সি এফ এস) জয়পুরহাট শাখা এই আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ শিশু চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট্য নাট্যকার ও নির্দেশক মাসুদ সেজান, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম ও চিলড্রেন্স ফিল্ম সোসাইটির ফ্যাস্টিভ্যাল ডাইরেক্টর আবির ফেরদৌস মুখর ।
সাংস্কৃতিক সংগঠক ও উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক আহমেদ মোশারফ হোসেন নান্নু সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আবৃত্তিকার মোস্তাহেদ ফাররোখের উপস্থাপনায় বক্তারা আজকের শিশু চলচ্চিত্রকারদের মধ্যে জহির রায়হান লুকিয়ে আছে উল্লেখ করে বলেন বর্তমান তরুন প্রজন্মকে সুস্থ্যধারার চলচ্চিত্র নির্মানে অঙ্গীকার বদ্ধ হতে হবে। উৎসবে বিশ্বের সাতটি দেশের শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। দেশ গুলো হচ্ছে ভারত, ইংল্যান্ড, থাইল্যান্ড, ইটালি, জার্মানী, ইরান ও স্বাগতিক বাংলাদেশ।
শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। এর আগে ’বর্তমান চলচ্চিত্র ও তরুন সমাজ” শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আকমল হোসেন। আলোচনায় অংশগ্রহন করেন মাসুদ সেজান ও আবির ফেরদৌস মুখর।
