সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। কালো ব্যাচ ধারণ করে সোমবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ে টির্চাস ক্যান্টিনের সামনে থেকে আন্দোলনরত শিক্ষককরা মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে তারা সমাবেশ করেন। সমাবেশে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’-এর নেতারা বক্তব্য রাখেন। এছাড়া অধ্যাপক জাফর ইকবালও বক্তৃতা দেন।
রবিবার প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে চড়াও হয় ছাত্রলীগের কর্মীরা। ছাত্রলীগ কর্মীরা ব্যানার কেড়ে নিয়ে শিক্ষকদের গলা ধাক্কা দিয়ে এবং মারধর করে সরিয়ে দেয় বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষকরা।
কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’-এর ব্যানারে আন্দোলন শুরু করেন শিক্ষকদের একাংশ। এর বিপরীতে শিক্ষকদের অপর একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেন। এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলন করছে ছাত্রলীগ।
