ক্ষমতা না ছাড়ার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৮:৫১
 
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। একইসঙ্গে তিনি ক্ষমতা না ছাড়ার কথাও জানিয়েছেন। 

একটি আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত শনিবার থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। কড়া পুলিশ পাহারার মধ্যে হাজার হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। তবে পুলিশ তাদের বিক্ষোভে বাধা দেয়নি। যদিও পুলিশের ভাষ্য, বিক্ষোভ অবৈধ।

রাজাকের পদত্যাগের দাবিতে রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী কুয়ালালামপুর। এসময় বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা জানান সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বিদেশি অজ্ঞাত দাতাদের কাছ থেকে নাজিবের ব্যাংক অ্যাকউন্টে ৭০ কোটি মার্কিন ডলার পরিশোধের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর বিক্ষোভ শুরু হয়।

তবে তিনি অর্থ তছরুপের কথা অস্বীকার করে বলেছেন, বিক্ষোভকারীরা মালয়েশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। পুলিশ জানায়, দুই দিনের বিক্ষোভে প্রায় ২৫ হাজার লোক অংশ নেয়। তবে বিক্ষোভের আয়োজকদের দাবি, বিক্ষোভে তিন লাখ লোক অংশ নেয়।
 
মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষে সোমবার এক ভাষণে রাজাক বলেন, একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের ক্ষেত্রে এই ধরনের বিক্ষোভ সঠিক পন্থা নয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রধান অভিযোগ হল, তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন ওয়ানএমডিবি বিনিয়োগ তহবিল থেকে ৭০ কোটি ডলার নিয়েছেন। নাজিব কুয়ালালামপুরকে একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে ২০০৯ সালে এটি প্রতিষ্ঠা করেন। সূত্র: এএফপি