আইএসের বিরুদ্ধে হামলা শুরু করতে অস্ট্রেলিয়ার আহ্বান

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৯:২২
 
সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করতে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে অস্ট্রেলিয়া। ইউরোপ মহাদেশে ক্রমবর্ধমান শরণার্থী সংকট মোকাবিলার উপায় হিসাবে এ আহবান জানানো হয়েছে।
 
পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ বলেন, ইউরোপে হাজার হাজার অভিবাসী আসার জন্য দায়ী হল জিহাদিরা এবং তাদের বিরুদ্ধে জোটবদ্ধভাবে জোরালো হামলা চালানো জরুরি। আর এজন্য অবশ্যই ইউরোপকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
 
সোমবার সিডনিতে তিনি সাংবাদিকদের বলেন, ইউরোপে শরণার্থী হিসাবে আশ্রয় খোঁজা লোকজনের ৪০ শতাংশের বেশি আসছে সিরিয়া থেকে। সন্ত্রাসী সংগঠনগুলোর কারণে বাস্তুচ্যুত লোকের সংখ্যা বাড়ছে। তাই তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়া প্রয়োজন।’ তিনি বলেন, ইতিমধ্যে ইউরোপের ৬০টি দেশ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে সহায়তা করছে।
 
বিশপ বলেন, ইউরোপের অন্যান্য দেশ বিমান হামলায় সহায়তা করতে পারে। সার্বভৌম সরকারের কাছ থেকে ভূখণ্ড দখল এবং বর্বর সহিংসতা থেকে আইএসকে বিরত রাখার কার্যকর পন্থা হল বিমান হামলা। তিনি বলেন, সিরিয়া ও ইরাকের পার্শ্ববর্তী লেবানন, জর্ডান ও অন্যান্য দেশের সীমান্তবর্তী এলাকায় লাখ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে এবং এরপর ইউরোপের দিকেও অভিবাসীদের ঢল নামছে।
 
বিশপ বলেন, ‘এ কারণে আমি বিশ্বাস করি সিরিয়া ও ইরাকে আইএসের ওপর বিমান হামলায় ইউরোপীয়দের অবশ্যই যুক্ত হতে হবে।’ পশ্চিমা ও আরব শক্তিগুলোর জোটের অংশ হিসাবে ফ্রান্স ও ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশ বর্তমানে জিহাদিদের বিরুদ্ধে বিমান হামলায় অংশ নিচ্ছে। অস্ট্রেলিয়ার ছয়টি আরএএএফ এফ/এ-১৮ যুদ্ধ বিমান ও দুটি সহায়তা বিমান এতে অংশ নিচ্ছে। সূত্র: এএফপি