—সালমান এফ রহমান
ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, অগ্নিকাণ্ডের জন্য ক্ষতিকর ২৯টি দাহ্য পদার্থের তালিকা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেমিক্যালগুলো আপনারা সরিয়ে ফেলুন। চুড়িহাট্টা আগুনের মতো এমন অনাকাঙ্ক্ষিত আরো দুর্ঘটনা যদি ঘটে যায়, তখন ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাই অপনারা সচেতন হোন, দ্রুত সরিয়ে নিন এসব ঝুঁকিপূর্ণ কেমিক্যাল। গতকাল বুধবার নগর ভবনে মেয়র (সাবেক) হানিফ অডিটোরিয়ামে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ব্যবসা সংকট ও সম্ভাবনা: করণীয় ও বর্জনীয় মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা চাই ক্ষতিকর কেমিক্যাল কারখানা যেন পুরান ঢাকায় না থাকে। মানুষের জীবনের নিরাপত্তায় অভিযান চলবে। তবে কোনোভাবেই কোনো ব্যবসায়ীকে হয়রানি করা হবে না। রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সেদিকে গুরুত্ব দিয়ে সবার সহযোগিতা দরকার। পুরনো ঢাকার অনেক রাস্তা সরু। ব্যবসায়ী বাড়িওয়ালাদের সহযোগিতায় এসব রাস্তা বড় করা হবে, যাতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঠিকমত ঢুকতে পারে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) বি. জেনারেল (অব.) আলী আহমেদ বলেন, যেভাবেই হোক আবাসিক এলাকা থেকে ঢাকার আশপাশে দাহ্য পদার্থ সরিয়ে নিতে হবে।
এই আলোচনায় আরো বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকার জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে শাহীন এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যানসহ পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ী প্রতিনিধিরা।
