‘গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে বাড়ির মালিকরা বেপরোয়া হয়ে উঠবেন’

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০১
জাতীয় শ্রমিক ফেডারেশন নেতারা বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে বাড়ির মালিকরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এক শ্রমিক সমাবেশে নেতারা এই কথা বলেন।
 
নেতারা বলেন, বেশিরভাগ মানুষ ভাড়া বাড়িতে থাকে। এমনিতে বাড়ির মালিকরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে। এরপর যদি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ে তাহলে শ্রমিক এবং স্বল্প আয়ের মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়বে।
 
বক্তারা আরও বলেন, পরিবহন খাতে ভাড়া বাড়লে যাতায়াতে শ্রমজীবী মানুষকে অতিরিক্ত ভাড়া গুণতে হবে। পাশাপাশি খাদ্য উৎপাদন খরচ বেড়ে যাবে। ফলে জনজীবন হবে বিপন্ন।
 
সংগঠনের সভাপতি আ স ম জাকারিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্যুরো সদস্য কামরুল হাসান, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন প্রমুখ।