আন্দোলনরত শাবি শিক্ষকদের প্রতীকী অনশন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩৬
 
উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হচ্ছে।
 
সকাল নয়টায় উপাচার্য ভবনের পাশে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের’ ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা প্রতীকী অনশন শুরু করেন। দুপুর একটায় এই কর্মসূচি শেষ হয়।
 
এদিকে একই দাবিতে বেলা ১২ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভিসির বাসভবনের সামনে মিছিল করা হয়।
 
শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ১২ এপ্রিল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনরত শিক্ষকরা। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ‘অস্থিতিশীল’ করতে আন্দোলন করা হচ্ছে এমন দাবি করে র ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে শিক্ষকদের আরেকটি অংশ উপাচার্যের পক্ষে অবস্থান নিয়েছেন।