মস্কো বিমানবন্দরে অগ্নিকাণ্ড, ফ্লাইট বিলম্ব

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:২৪


মস্কোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ হ্যান্ডলিং এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সকালে সেখান থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০ টি ফ্লাইট বিলম্বিত হয়।


দেশটির জরুরি পরিস্থিতি মোকাবেলা সংক্রান্ত মন্ত্রণালয় জানায়, দোমোদেদোভো আন্তর্জাতিক বিমানবন্দরের এ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে সেখানে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।


ওই মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৮ টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। বিমানবন্দরে আসা ফ্লাইট বিলম্বিত না হলেও এখান থেকে বিমান ছেড়ে যেতে বিলম্ব হয়।


কর্তৃপক্ষ জানায়, সেখানে আগুন ছড়িয়ে পড়লে প্রায় ৩ হাজার যাত্রীকে সরিয়ে নেয়া হয়। অপর রাষ্ট্রীয় বার্তা সংস্থা রাই নভোস্তি জানায়, এই ঘটনায় প্রায় ৪০টি ফ্লাইট বিলম্বিত হয়।