ইন্দোনেশিয়ায় মারা গেলেন আরেক অস্ট্রেলিয়ান সার্ফার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৭

 

ইন্দোনেশিয়ায় মারা গেলেন আরেক অস্ট্রেলিয়ান সার্ফার। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ব্যক্তি হিসেবে দেশটির বিখ্যাত মেন্তাওয়াই দ্বীপপুঞ্জে সার্ফিং করার সময় তিনি মারা যান। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়। আগের রাতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় সাগরে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে অ্যাডাম আলবার্ট ডুবের লাশ উদ্ধার হয়।


মেন্তাওয়াই পুলিশ প্রধান রেকো ইন্দ্র সাসংকো জানান, ১০ জনের ওই গ্রুপ মঙ্গলবার রাতে সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে জনপ্রিয় ওই সার্ফ স্পটে আসে।
সাসংকো জানান, মদপান করার পর তারা মধ্যরাতের দিকে সাঁতার কাটতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি এএফপিকে বলেন, "এক ঘণ্টা পর তারা নৌযানে ফিরে গেলেও ডুবে সেখানে ছিলেন না।"


সাসংকো জানান, অস্ট্রেলিয়ার এ নাগরিক নিখোঁজ হওয়ার পর ব্যাপক তল্লাশি চালায়েও বুধবার সকাল পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তার লাশ উদ্ধারের পর দ্রুত সুমাত্রা দ্বীপের পাদাং নগরীতে নেয়া হয়।


৫৪ বছর বয়সী অস্ট্রেলিয়ার অপর নাগরিক রোনাল্ড স্টিফেন সিন্ডারের মৃত্যুর পরপরই সে দেশের এ নাগরিকের মৃত্যু হয়। আগের নাগরিকও গত সপ্তাহে মেন্তাওয়াইয়ে সার্ফ করতে গিয়ে মারা যান।

বাসস