‘মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র দেবে সরকার’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫৩
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র দিতে সরকার বিধিমালা তৈরি করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে অধিদফরের প্রধান কার্যালয়ে কর্মকর্তা সম্মেলনে তিনি এ কথা জানান।
 
প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ধীরে ধীরে এই অধিদফতরকে স্বয়ংসম্পূর্ণ করা হবে।’
 
অস্ত্র দিতে বিধিমালা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ ও সমাজকে মাদকমুক্ত রাখতে অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জীবনের ঝুঁকি রয়েছে। অস্ত্র ছাড়াই তারা ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিচ্ছেন। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকার অস্ত্র দেয়ার পরিকল্পনা করেছে।’
 
মন্ত্রী বলেন, ‘মরণনেশা ইয়াবা মহামারী আকার ধারণ করেছে যা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন অভিযান পরিচালনা করেও মাদককে নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করছি। এ সংক্রান্ত একটি বিধিমালাও তৈরি করা হচ্ছে।’

খবর ফোকাস বাংলার।