সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে শোবিজ তারকাদের দুশ্চিন্তা দিন দিন বাড়ছে। প্রতিনিয়তই ‘ফেসবুক আইডি হ্যাক’ অথবা ‘ভুয়া আইডিতে বিরক্ত’ শিরোনামে খবরে আসছেন তারকারা। শুধু আইডিই নয়, ফেসবুকজুড়ে রয়েছে বিভিন্ন তারকার নামে অসংখ্য ভুয়া আইডিরও ছড়াছড়ি। কয়েকদিন আগে ভুয়া আইডি ও পেজ নিয়ে বিভ্রান্তিতে পড়েন মেহজাবিন চৌধুরী। তিনি বলেন, ‘ভুয়া আইডিগুলো নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। কারণ এই আইডি ব্যবহারকারীরা আমার নামে ফেক আইডি খুলে টাকা ও আর্থিক সাহায্য চাইছে। আমার একটি নিজস্ব ফেসবুক আইডি আছে, যেটি ফেসবুক কর্তৃপক্ষ থেকে স্বীকৃত। এ ছাড়া একটি ফ্যান পেজ রয়েছে, সেখানে তিন লাখ পঁচাশি হাজারের মতো ফ্যান আছে। এ ছাড়া ফেসবুকে বাকি যত আইডি রয়েছে, সবগুলোই ভুয়া। ওইসব ভুয়া আইডি ও পেজের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’
ফেসবুকে ভুয়া আইডি নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিনেতা আরিফিন শুভও। তিনি বলেন, ‘আমার নাম সার্চ দিলেই অসংখ্য আইডি আসে। এগুলো নিয়ে আমি বিব্রত। কয়টা আইডি বন্ধ করা যায়! দুশ্চিন্তায়ও থাকি এই বিষয়গুলো নিয়ে। কখন যে কি ঘটিয়ে বসে বলা যায় না।’
এদিকে একই অভিযোগ পরীমণিরও। তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে সবসময় যন্ত্রণার মধ্যে থাকি। প্রতারকরা প্রতিনিয়ত আমার নামে নতুন নতুন আইডি খুলছে। এসব আইডির মধ্যে আমার পুরো নামসহ আরও রয়েছে, মিষ্টি মেয়ে পরী, রুপালি পরী, পরীকন্যা ইত্যাদি। সবগুলো আইডিতে আমার নতুন নতুন ছবি আপলোড করা হচ্ছে। তাই এটা যে ফেইক আইডি, তা ভক্তদের বোঝার কোনো উপায় থাকছে না। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো লাভ হয়নি।’
বিদ্যা সিনহা মিম বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মুখ খুলেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। মিম বলেন, ‘সবসময় দুশ্চিন্তায় থাকি। কখনো হ্যাক হওয়া নিয়ে আবার কখনো অসংখ্য ভুয়া আইডি নিয়ে। অনেক চেষ্টা করেও এসব থামানো যায়নি।’
শাকিব খান, মাহিয়া মাহি, পরীমনি, পড়শী, আঁখি আলমগীর, আসিফ আকবর, বাপ্পী চৌধুরীসহ অনেক আলোচিত তারকার অসংখ্য ফেইক আইডি রয়েছে ফেসবুকে। প্রতিটি আইডিতেই লেটেস্ট ছবিগুলো আপলোড করা হচ্ছে। অধিকাংশ আইডিতে ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা ৩ হাজার থেকে ৫ হাজারের মধ্যে রয়েছে। তারা ভক্তদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন।
