পাটগ্রামে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২২:৫৫

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ৮টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বুড়িমারী স্থলবন্দর বাজারে নৌকা মার্কা ও আনারস মার্কার সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা পাটগ্রাম সরকারি কলেজ মোড় এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বুড়িমারী স্থলবন্দর-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে। অপরদিকে নৌকা মার্কার কর্মী-সমর্থকরা বাউরা বাজারে বাউরা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত ও ৮টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

আনারস প্রতীকের প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীন বলেন, জনগণের সমর্থন না পেয়ে নৌকা প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি খারাপ করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’ পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা মার্কার প্রার্থী রুহুল আমীন বাবুল বলেন, বিএনপি, জামায়াতের নাশকতাকারীদের দিয়ে নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বিদ্রোহী প্রার্থী।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন,  নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুড়িমারী স্থলবন্দর ও বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।