খুলনায় মোবাইল চুরির অভিযোগে তরিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর দৌলতপুরের দেয়ানা পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতপুর দেয়ানা মোল্লাপাড়া এলাকার মৃত হারেজ শেখের ছেলে তরিকুল ইসলাম বৃহস্পতিবার স্থানীয় মধ্যপাড়া নূর মসজিদে মাগরিবের নামাজ শেষে পূর্বপাড়া বকুলতলার দিকে যান। এ সময় স্থানীয় বাসিন্দা বুলবুল ও তার সহযোগীরা মোবাইল চুরির অভিযোগে তরিকুলসহ তিনজনকে ধরে হালদারপাড়া গোরস্থান বাগানে নিয়ে মারধর করে। পরে রাত পৌনে ১১টার দিকে পরিবারের সদস্যরা তরিকুলকে আরবান ক্লিনিক ও বকুলতলার মধ্যবর্তী স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।
তরিকুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার লাশ খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
