প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে টেকসই ও সামাজিক বনায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পার্বত্য চট্টগ্রামে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, পার্বত্য অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর, এই সম্পদ রক্ষা করা গেলে পার্বত্য অঞ্চল বিশ্বের কাছে খুবই পরিচিতি লাভ করবে।
বুধবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি সংরক্ষিত বনাঞ্চলে চিটাগাং হিলট্র্যাক্টস ওয়াটারশেড কো ম্যানেজমেন্ট এক্টিভিটি এসআইডি-সিএইচটি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।
এ সময় ইউএসএ আইডির প্রধান পরিচালক ডেরিক ব্রাউন, রাষ্ট্রদূতের স্ত্রী মিসেল এ্যাডেল মিল, রাঙ্গামাটি বন সংরক্ষক ছানাউল্লাহ পাটোয়ারীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ব্যাঙছড়ির প্রজেক্ট এলাকার সুবিধাভোগী গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, কাপ্তাই সংরক্ষিত বনাঞ্চলে যারা বসবাস করে তারা প্রতিনিয়ত বন্য হাতির আক্রমণের শিকার হন। বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসীদের মৌমাছি চাষ করার আহবান জানান। তিনি বলেন, মৌমাছি চাষ করে তাদের আর্থসামাজিক উন্নয়নও ঘটবে।
