ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসক কারাগারে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৫৪
ঠাকুরগাঁও সদর উপজেলায় মো. আশরাফুল মাখলুকাত নামে এক ভুয়া চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদন না থাকায় তার কর্মস্থল স্থানীয় নিউ গ্রিন লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়। আশরাফুল পঞ্চগড় জেলার বাসিন্দা।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আধুনিক সদর হাসপাতালের সামনে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালানো হয়। এ সময় রোগীদের চিকিৎসক পরিচয়ে প্রতারণা করে ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগে মো. আশরাফুলকে এক বছরের কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের সাজা প্রদান করা হয়। একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারটির কোনো অনুমোদন না থাকায় এটিও সিলগালা করে দেয়া হয়েছে।
 
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।