করতোয়া নদীতে নৌকাডুবি, শিশুর মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ঘেঁষা করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন এক যুবক।
 
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলাধীন ওই নদীর রঙ্গামাটিয়া ঘাটের কাছে এ ঘটনা ঘটে। নৌকার যাত্রীরা পাশ্ববর্তী অর্জুনপুর গ্রামের বরকত আলীর বাড়িতে তার স্ত্রী রাহেলা বেওয়ার কুলখানী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে নারী,পুরুষ ও শিশুসহ ১৫-১৬ জন করতোয়া নদী পার হয়ে অর্জুনপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রাঙ্গামাটিয়া ঘাট থেকে নৌকায় চড়ে। নৌকাটি মাঝ নদীতে হঠাৎ ডুবে যায়। বেলা তিনটার দিকে স্থানীয় লোকজন সালমান বাবু নামে ওই শিশুর লাশ উদ্ধার করে। এখনো শহরের সুলতানগঞ্জ পাড়ার আবুল কালামের ছেলে হৃদয় (১৯) নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃত. সালমান বাবু নেয়াখালী সদর উপজেলার  খেজুরতলা এলাকার মাসুদ রানার ছেলে।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।