রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৩ জন নিহত

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০০:৩১

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, বংশাল ও আমিনবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নর্থসাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী শাকিব চৌধুরী তূর্য (২৩), কাভার্ড ভ্যানের হেল্পার আব্দুর রহমান (৪০) ও গাড়ি চালক মইনুদ্দিন (৩০)।

গুলশান থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বারিধারায় বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ গেটের বিপরীতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা তূর্য (২৩) নিহত হয় এবং সঙ্গে থাকা ফুফাতো ভাই ফারদিন খান রঙ্গন (২৪) গুরুতর আহত হয়।

এদিকে গতকাল বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর আলুবাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে শ্রমিকরা মালামাল নামাচ্ছিল। এসময় একটি মাটিবোঝাই ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের হেল্পার আব্দুর রহমানকে (৪০) ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সকরা তাকে মৃত বলে জানান। অপরদিকে আমিনবাজার ভাঙ্গা ব্রিজের কাছে কাঁচামাল বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মইনুদ্দিন (৩০) গুরুতর আহত হন। ঢামেকে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।