তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মার্কিন কংগ্রেসে মঙ্গলবার উত্থাপিত প্রস্তাবনায় জামায়াতে ইসলামী এবং এর সঙ্গে যুক্ত সংগঠনগুলোর সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে সম্পর্ক ছিন্ন করতে এবং একইসঙ্গে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। আশা করি মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের পর বিএনপি অতি শিগগিরই জামায়াতের সঙ্গে তাদের সকল সম্পর্ক ছিন্ন করেছে বলে ঘোষণা দেবে এবং তাদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছে সেজন্য জাতি এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইবে।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য আইনের ব্যবহার’ শীর্ষক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তথ্যমন্ত্রী এ সময় প্রস্তাবনার মূল অংশ থেকে উদ্ধৃত করে বলেন, ‘মার্কিন কংগ্রেসের প্রস্তাবনায় বিএনপিকেও জামায়াতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন যে আহ্বান জানিয়ে আসছিলাম, সেটিই মার্কিন কংগ্রেসের প্রস্তাবনায় প্রতিধ্বনীত হয়েছে। জামায়াতের আশ্রয়-প্রশ্রয়দাতা হচ্ছে বিএনপি। জামায়াতের সঙ্গে জোট গঠন করে তারা নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, এখনো ২২ দলীয় জোটের মধ্যে জামায়াত আছে।’ হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়া রাজবন্দি নন, সাজাপ্রাপ্ত আসামি, তারপরও রাজবন্দিদের বেলাতেও যা হয় না, তার বেলায় সেই সুবিধাগুলো দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট সবই রয়েছে তার জন্য।’
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সচিব আবদুল মালেক, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও নেপাল চন্দ্র সরকার এসময় উপস্থিত ছিলেন।
