দুর্নীতি উদঘাটন করতে গিয়ে হয়রানি করা যাবে না:দুদক সচিব

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০০:৩৩

দুর্নীতি উদঘাটন করতে গিয়ে কোনো ভুল করা যাবে না। অযথা মানুষকে হয়রানি করা যাবে না বলে দুর্নীতি দমন কমিশনের কর্মর্কতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ আহ্বান করেন।

দুদক সচিব বলেন, কর্মকর্তাদের দক্ষতা, নৈপুণ্য এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে বছরে ন্যূনতম ৫৪ ঘণ্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। দেশের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে অনিয়ম হলে সরকার যেমন রাজস্ব বঞ্চিত হয়, কোনো কোনো ক্ষেত্রে পরিবেশ দূষণ, এমনকি সাধারণ মানুষ হয়রানির শিকার হন। তিনি ভূমি ব্যবস্থাপনার বিষয়ে কর্মকর্তাদের সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণের অনুরোধ জানিয়ে বলেন, ভূমি বিষয়ে দুর্নীতি উদঘাটন করতে হলে এখাতের খুঁটিনাটি সকল বিষয়ে জানতে হবে। এসব তদন্তে কোনো ভুল করা যাবে না। মানুষকে হয়রানিও করা যাবে না। কমিশনের উপ-পরিচালক এবং সহকারী পরিচালক পদমর্যাদার ৩০ কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন দুদকের প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. আবু সাঈদ।