যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ অ্যাওয়ার্ড পাচ্ছেন রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক রাজিয়া সুলতানা। তিনি মিয়ানমারের রোহিঙ্গা ও সব শ্রেণির মানুষের জন্য কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পাচ্ছেন। এ বছর তিনিসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১০ জন নারীকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সাত মার্চ ১০ নারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখবেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
রাজিয়া সুলতানা ছাড়াও মিয়ানমারের নাও কনিয়া পাও, জিবুতির মোমিনা হুসেইন দারার, মিসরের মামা ম্যাগি, জর্ডানের কর্নেল খালিদা খালাফ হান্না আল তাল, আয়ারল্যান্ডের সিস্টার ওরলা ট্রেসি, মন্টেনিগ্রোর ওলিভেরা ল্যাকিচ, পেরুর ফ্লোর ডি মারিয়া ভেগা জাপাতা, শ্রীলঙ্কার মারিনি দি লিভেরা ও তানজানিয়ার আন্না আলোয়স হেঙ্গা পুরস্কার গ্রহণ করবেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে রাজিয়া সুলতানা সম্পর্কে বলা হয়েছে, ১৯৭৩ সালে তিনি মিয়ানমারের মংডুতে রোহিঙ্গা পরিবারে জন্মগ্রহণ করেন। মিয়ানমারে নিজের সম্প্রদায় ও সব মানুষের জন্য মানবাধিকারের সেবায় তিনি নিজের ক্যারিয়ারকে উত্সর্গ করেছেন।
