এরশাদকে স্বৈরাচার বললে হূদয়ে রক্তক্ষরণ হয় -------------বাবলা

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০০:৪২

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য সবসময় শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পাশে থাকেন।  সেই এরশাদকে এই সংসদে দাঁড়িয়ে সরকারি দলের কোনো কোনো সদস্য স্বৈরাচার বলে আখ্যায়িত করেন, তখন আমাদের হূদয়ে রক্তক্ষরণ হয়। গত মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বিগত পাঁচ বছরে আমাদের দায়িত্ব পালনকে পজেটিভ ভাবে নিতে পারেনি কিছু কথাকথিত সুশীল সমাজের কর্তাবাবুরা। তারা আমাদের নিয়ে সমালোচনা করে মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। মধ্যরাতের টক শোতে গিয়েও কতিপয় বুদ্ধিজীবী ও সাংবাদিক বন্ধুরাও আমাদের সমালোচনা করেছেন। কারণ তাদের ভাষায়, সংসদে বিরোধী দল মানে হচ্ছে জাতির পিতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া।