মানবাধিকার কমিশনের ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০০:৪৩

মানবাধিকার কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশন একের পর এক প্রতিবেদন দিয়ে যাচ্ছে, এটা তাদের কাজ নয়। আমরা অত্যন্ত ব্যথিত যে কমিশন আইনানুযায়ী তার অর্পিত দায়িত্ব পালন করছে না। গৃহকর্মী খাদিজা নির্যাতনের ঘটনায় করা রিটের শুনানিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ মন্তব্য করেন।

আদালত বলেন, খাদিজাকে অত্যাচার ও নির্যাতনের বিষয়ে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেটা নিষ্পত্তির বিষয়ে মানবাধিকার কমিশন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। রুল প্রস্তুত হওয়ার পরেও কমিশন এটা শুনানির জন্য আইনজীবী নিয়োগ বা শুনানিরও উদ্যোগ নেয়নি। এটা দুঃখজনক। হাইকোর্ট বলেন, কমিশনের আদেশ প্রতিপালন না করলে তাদের পক্ষ থেকে হাইকোর্টে আসার সুযোগ রয়েছে। কিন্তু আজ পর্যন্ত তারা হাইকোর্টে আসেনি। এটা আইনের মারাত্মক লঙ্ঘন।

রিটকারী পক্ষের আইনজীবী আব্দুল হালিম জানান, গত ১০ জানুয়ারি মিরপুরে গৃহকর্মী খাদিজার নির্যাতনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার দিতে জাতীয় মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আগামী ১৮ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।