কওমি মাদ্রাসাকে ‘বিষবৃক্ষ’ এর সঙ্গে তুলনা, ইসলামী অনুশাসনকে ‘মোল্লাতন্ত্র’ এবং আল্লামা আহমদ শফিসহ আলেম সমাজকে কটাক্ষ করার অভিযোগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে খেলাফত আন্দোলন। সমাবেশ শেষে খেলাফত কর্মীরা রাশেদ খান মেননের ছবিতে জুতাপেটা করে অগ্নিসংযোগ করেন।
সমাবেশে নেতারা বলেন, এমন জঘন্য বক্তব্য দিয়ে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। অবিলম্বে তাকে সংসদ থেকে বহিষ্কার ও গ্রেফতার করতে হবে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিয়েছে। সমাবেশে দলটির আমির ও হেফাজত নেতা মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেন, জাতীয় সংসদে দাঁডিয়ে কাদিয়ানীদের দোসর রাশেদ খান মেনন কুরআন-সুন্নাহর বিধান ও ইসলামী অনুশাসনকে মোল্লাতন্ত্র আখ্যায়িত করে আল্লাহ ও তাঁর রাসূলকে অপমানিত করেছেন। আমি আশাবাদী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহর রাসূল এবং ইসলামকে অবমাননা করায় মেননকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। তাকে গ্রেফতার করুন।
সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের আমির ও হেফাজত নেতা মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ফিরোজ আশরাফি, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী ও মাওলানা আফম আকরাম প্রমুখ।
এদিকে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী গতকাল এক বিবৃতিতে রাশেদ খান মেননের সংসদ সদস্যপদ বাতিলপূর্বক গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন।
