খাগড়াছড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানের মধ্যে গতকাল বুধবার একদল সন্ত্রাসী সেনা সদস্যদের উপর গুলিবর্ষণ করে। সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে এম-৪ রাইফেল, কাটা বন্দুক ও গুলিসহ বেশ কিছু সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
আইএসপিআর থেকে জানানো হয়েছে, গোলাগুলির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খাগড়াছড়ি রিজিয়ন সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান (অপারেশন নর্দান ড্রাইভ) চালাচ্ছে। ভুয়াছড়ি এলাকায় বাঘাইহাট জোনের লক্ষীছড়ি আর্মি ক্যাম্প থেকে ১১ কিলোমিটার উত্তর পূর্বে টহল টিমের উপর সন্ত্রাসীরা ১০/১২ রাউন্ড গুলি করে। জবাবে টহল দল পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। টহলদল সন্ত্রাসীদের গুপ্তাশ্রয়ে ব্যাপক তল্লাশি করে তা ধ্বংস করে এবং ১টি এম-৪ রাইফেল, ১টি কাটা বন্দুক, ১২ রাউন্ড গুলি ও বেশ কিছু সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।
