মংলা-ঘষিয়াখালী নৌপথ পুরোপুরি সচল না হওয়ায় সুন্দরবনের শ্যালা নদী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হচ্ছে না। দ্রুত এ নৌপথ চালু না হলে সুন্দরবন অচিরেই ধ্বংস হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। দ্রুত মংলা-ঘষিয়াখালী নৌপথ সচলের দাবি জানিয়েছন তারা।
শনিবার রাজধানীর পুরান পল্টনে মুক্তি ভবনে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সুন্দরবন রক্ষায় ‘মংলা-ঘষিয়াখালী নৌপথের গুরুত্ব: খননকাজের অগ্রগতি ও পর্যালোচনা’ শীর্ষক এক মতবিনিময়য় সভায় তারা এ আশঙ্কা ব্যক্ত করেন।
এ সময় খনন কাজে বিআইডব্লিউটিএর নানা অনিয়ম, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের অসহযোগিতার কথাও তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ, জাতীয় কমিটির উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ মনজুরুল আহসান খান, পানি সম্পদ বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, নিরাপদ সড়ক ও নৌপথ বাস্তবায়ন জোটের আহ্বায়ক তুসার রহমান প্রমুখ।
