কুমিল্লার চান্দিনায় প্রায় তেরশ বোতল ফেন্সিডিলবাহী একটি প্রাইভেটকারসহ ফারুক (২৪) ও রাজু (২৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল পৌঁনে ১০টায় চান্দিনার বলারচর থেকে তাদের আটক করা হয়। এরপর দুপুর ১ টায় ইলিয়টগঞ্জ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করেন হাইওয়ে (বাংলাদেশ পূর্বাঞ্চল) পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম রেজা।
আটক ফারুক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে ও মো. রাজু লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল পৌঁনে ৭টায় চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় ঢাকামুখী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৯-১৭১২) থামানোর সংকেত দেন। গাড়ি চালক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন। পুলিশেও ওই প্রাইভেটকারটির পিছু নিলে প্রায় ১০ কিলোমিটার দূরে বলারচরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। সকাল পৌঁনে ১০টায় রেকার দিয়ে ফেন্সিডিলবাহী গাড়িটি উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ গাড়িতে থাকা ১ হাজার ২৯০ বোতল ফেন্সিডিলসহ গাড়ি চালক ফারুক ও সহযোগী রাজুকে আটক করে।
