যুক্তরাজ্যে সংবাদপত্রে প্রকাশিত এক নতুন জরিপে দেখা যাচ্ছে, ব্রিটেনের যত নাগরিক ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে তার চেয়ে অধিক সংখ্যক ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে।
২০১৭ সালে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা-না-থাকা নিয়ে অনুষ্ঠেয় এক গণভোটের প্রাক্কালে নতুন জরিপে এ তথ্য প্রকাশ করা হল। এই প্রথম কোনো জরিপে ইইউ থেকে বের হয়ে যাবার পক্ষের মানুষের সংখ্যা বিপক্ষের মানুষের চেয়ে বেশি হল।
সার্ভেশন গবেষণা সংস্থার করা এ জরিপটি সানডে টাইমসে প্রকাশিত হয়েছে। জরিপে ব্রিটেনের ৪৩ শতাংশ বাসিন্দা বলেছেন, তারা ২০১৭ সালে ইইউ ত্যাগের পক্ষে ভোট দেবেন। অপরদিকে ৪০ শতাংশ মানুষ বলেছেন তারা ইইউতে থাকার পক্ষে ভোট দেবেন। ১৭ শতাংশ এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেননি। গত ৩ ও ৪ সেপ্টেম্বর ১০০৪ জন লোকের ওপর অনলাইনে এ জরিপ চালানো হয়।
এর আগে গত জুলাইয়ের গোড়ার দিকে সার্ভেশনের অপর এক জরিপে বলা হয়েছিল ৪৭ শতাংশ লোক ইইউতে থাকার পক্ষে। ছেড়ে যাওয়ার পক্ষে ৩৭ শতাংশ এবং সিদ্ধান্ত নেননি এমন লোকের সংখ্যা ১৮ শতাংশ।
এছাড়া যারা ইইউতে থাকতে চান তাদের মধ্যে ২২ শতাংশ বলেছে অভিবাসী সংকট তীব্রতর হলে তারা তাদের সিদ্ধান্ত পাল্টাতে পারেন। ২৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, ব্রিটেনের আর কোনো সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়া উচিত হবে না। সূত্র: এএফপি
