ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রামে ছোট ভাইদের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।নিহত আতিয়ার রহমান ওরফে টুকান (৩৫) ওই গ্রামের সৈয়দ আলী সরদার এর ছেলে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।
কৈজুরী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো. হায়দার শেখ জানান, পারিবারিক কলহের জের ধরে বাবা, দুই ভাই লূৎফর এবং আল-আমীনের সঙ্গে আতিয়ারের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই ভাই ও বাবার বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন আতিয়ার। আশঙ্কাজনক অবস্থায় জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই (উপপরিদর্শক) জাহিদুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই পিতা সৈয়দ আলী এবং দুই ভাই লূৎফর ও আল-আমীন পলাতক রয়েছে।
