ছাত্রীদের টয়লেটে গোপন ভিডিও, ৩ জন চাকুরিচ্যুত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ২০:৪৬
রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারী শাখার মেয়েদের কমনরুম ও টয়লেটে মোবাইল ফোনে গোপন ভিডিও চিত্র ধারণ করার দায়ে তিন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। সম্প্রতি বরেন্দ্রের তালাইমারি শাখায় এ ঘটনা জানাজানির পর প্রথমে ধামাচাপার চেষ্টা করা হয়। কিন্তু পরে ছাত্রীদের চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য হন বলে জানা গেছে।
 
সোমবার সকালে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানব ব্যবস্থাপনা (এইচআর) শাখার দায়িত্বরত কর্মকর্তা ইসহাক। এ নিয়ে উপাচার্যের কাছে অভিযোগ করা হলে তিনি ওই কর্মকর্তাকে সতর্ক করেন।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মাসের প্রথম দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারি শাখার নৈশ প্রহরী উজ্জ্বলের বিরুদ্ধে ছাত্রীদের কমন রুম ও টয়লেটে দীর্ঘক্ষণ মুঠোফোনে ভিডিও চালু করে চিত্র ধারণের অভিযোগ ওঠে। ওই শাখার এক নারী ঝাড়ুদার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানার পর তদন্ত করে প্রমাণ পায়। ছাত্রীদের টয়লেট ও কমনরুমের ভিডিও করার বিষয়টি গোপন রাখার জন্য উজ্জ্বল ও ওই ঝাড়ুদার মহিলাসহ নিরাপত্তা কর্মকর্তা আরশাদ আলীকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে উজ্জ্বলের থেকে ছাত্রীদের গোপন ভিডিওগুলো হস্তগত করা হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।’