ঠাকুরগাঁওয়ে সাবেক এমপিকে 'হেয় প্রতিপন্ন' করে সংবাদ পরিবেশন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫৩


ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হককে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করে সংবাদ পরিবেশন করায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

মঙ্গলবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন, কাজল, একে আজাদ, রিগান, রিপন এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহ্বায়ক নূর নবী চঞ্চল, সদস্য সচিব রাসেল, সদস্য ইসতেসামুল হক মীম।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হককে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন ও মর্যাদা ক্ষুন্ন করতে জনৈক কালাচান শীল, মুক্তিযোদ্ধা খয়রাত আলী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দাবিদার রবিউল ইসলাম রবি ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর কাছে কালাচান শীলের খোলা চিঠির নাটক সাজিয়ে অনলাইন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করান।

উপজেলা ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।