ব্রাহ্মণবাড়িয়ায় সোমবারে পৌর সভার জাল ট্রেড লাইসেন্স ছাপানোর দায়ে একটি প্রেস সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মো. শফিকুল ইসলাম নামে একজন কর্মচারীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাব্বির আহমেদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত শহরের কালাইশ্রীপাড়া রোডের আধুনিক প্রেস এন্ড ডিজিটাল প্রিন্ট নামে একটি ছাপাখানায় অভিযান চালান। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ট্রেড লাইসেন্স জালিয়াতির কাজে ব্যবহারিত মনোগ্রাম সম্বলিত ট্রেসিং পেপার জব্দ করেন তারা। ভ্রামম্যান আদালত পরিচালনার সময় পৌর সচিব মো. ইসহাক ভূঞা, শহর টিএসআই আবুল কাশেম, পৌর সভার লাইসেন্স পরিদর্শক মো. আল মাছাদ উপস্থিত ছিলেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, 'পৌর সচিব মো. ইসহাক ভূঞা বাদি হয়ে ৩জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।'
