বগুড়ায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি আনিসুর রহমান ওরফে লিটন (৪০) জেলার শিবগঞ্জ উপজেলার বাদলাদিঘী গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বেলা ১২ টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম মমতাজ পারভিন এ রায় প্রদান করেন। লিটন বগুড়া জেলা কৃষকলীগের সদস্য বলে জানা গেছে।
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে বাদলাদিঘী গ্রামের এক কিশোরী বাবার বাড়ি থেকে ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে একই গ্রামের লিটন কিশোরীকে একা পেয়ে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে ওই বছরের ২১ অক্টোবর শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। তথ্যের সত্যতা পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা চার্জসিট গঠন করে আদালতে দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনিসুর রহমান বলেন, ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবক্যুনাল-২ এর স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. বিনয় কুমার দাস বিশু।
