পোপের প্রার্থনা সভা, ৩০ সেকেন্ডেই শেষ ১০ হাজার প্রবেশপত্র

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২১:৩৫
 
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পোপ ফ্রান্সিসের পরিচালনায় এক প্রার্থনা সভার ১০ হাজার প্রবেশপত্র মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ফুরিয়ে গেছে। এ মাসের শেষের দিকে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার ফিলাডেলফিয়ার যাজকরা এ কথা জানান।
 
আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর এ প্রধান পুরোহিতের যুক্তরাষ্ট্র সফরের খবর শুনে দেশটির ক্যাথলিকদের মধ্যে চরম উন্মাদনার সৃষ্টি হয়। ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্ট মলে অনুষ্ঠেয় পোপ ফ্রান্সিসের উন্মুক্ত ভাষণ শুনতে আগের দিনের ১০ হাজার টিকিট শেষ হতে দুই মিনিট সময় লাগে।
 
বিশ্ব পরিবার সম্মেলনের অংশ হিসেবে ফিলাডেলফিয়া মিউজিয়াম অফ আর্ট -এর বাইরে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পার্কওয়েতে এ অনুষ্ঠানের একদিন পর এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। অনলাইনে বিনা মূল্যে উভয় অনুষ্ঠানের টিকিট ছাড়া হয়।
 
প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করার জন্য পোপ আগামী ২২ সেপ্টেম্বর ওয়াশিংটনে পৌঁছাবেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে তাঁর ভাষণ দেয়ার কথা রয়েছে। পরে তিনি নিউইয়র্কে যাবেন এবং সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

খবর বাসসের।