নওগাঁয় হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২২:১২
নওগাঁর সাপাহার উপজেলায় হত্যার দায়ে সুমন কর্মকার নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ মামলার অপর আসামি পলাতক বাবুল মোল্লাকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এ রায় দেন।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১০ সালের ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামিরা নুর আলম নামে এক ভুটভুটি চালককে রাত নয়টার দিকে মহাদেবপুর উপজেলার চৌদ্দমাইল নামক স্থানে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খাড়ির পানিতে ফেলে দিয়ে ভুটভুটি নিয়ে চলে যায়। হত্যাকাণ্ডের তিনদিন পর ১৫ সেপ্টেম্বর লাশ পানির উপর ভেসে উঠে। নিহত নুর আলমের ছোট বোন মোছা. অজেদা বেগম বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে মহাদেবপুর থানা পুলিশ আদালতে চার্জসিট দাখিল করে।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এ্যাড. মো. আব্দুল বাকী আসামি পক্ষে এ্যাড. মো. সাইদুর রহমান ও অ্যাড. নাজমুল নাহার।