কুষ্টিয়ার মিরপুরে কুখ্যাত রাজাকার মনোয়ার আলী মনোর ছেলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী কর্তৃক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সকল মুক্তিযোদ্ধাদের অপমানিত করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের মু্িক্তযোদ্ধা আব্দুল জলিল খাঁ’র পুত্র ১ নং ওয়ার্ডের মেম্বর জামশেদ খা (৪৫) এর বিরুদ্ধে বুধবার অভিযুক্ত আতাহার আলী দেনা-পাওনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই মিরপুর থানা পুলিশ ইউপি মেম্বর জামশেদকে তাঁর বাড়ী থেকে গ্রেফতার করে। ঘটনাটি সকালে আটককৃত মেম্বর জামশেদ আলীর পিতা মুক্তিযোদ্ধা আব্দুল জলিল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অবহিত করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনের সাথে মুঠোফোনে বিষয়টি নিয়ে আলাপ করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডারের ফোনালাপের বিষয়টিকে তাঁর (আতাহার আলীর) বিরুদ্ধে অবস্থান নেয়া হচ্ছে ভেবে ক্ষমতার দাপটে সহজভাবে মেনে নিতে পারেননি আতাহার আলী। এতে তিনি চরমভাবে ক্ষিপ্ত হন ও এক পর্যায়ে থানার অভ্যন্তর থেকে থানা পুলিশের সামনেই মুঠোফোনে মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিমকে ফোন করে অশালীন ভাষা ব্যবহার করে মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের দেখে নেয়ার হুমকি প্রদান করেন।
