থানচিতে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১১:১৯
বান্দরবানের থানচিতে নৌকা ডুবে জুয়েল রানা (২২) নামে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। এসময় তার সঙ্গে দুইটি অস্ত্র এবং একশ রাউন্ড গুলি ছিল।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিখোঁজ বিজিবি সদস্যের বাড়ি কোন জেলায় সে তথ্য জানা যায়নি।
 
বিজিবি সূত্র জানায়, মায়ানমার সীমান্তের সাঙ্গু রিজার্ভ এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমনে সপ্তাহব্যাপী পরিচালিত অভিযান শেষে বিজিবির একটি দল নৌকায় করে থানচি সদরে ফিরছিলেন। এসময় নদীর প্রবল স্রোতে নৌকা উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে এবং সৈনিক জুয়েল রানা নিখোঁজ হন।
 
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, মায়ানমার সীমান্তের সাঙ্গু রিজার্ভ এলাকায় টানা এক সপ্তাহ অভিযান শেষে বিজিবির ৭৭ সদস্যের একটি দল ১০ নৌকায় করে বড় মদক থেকে থানচি সদরে ফিরছিলেন। এসময় তাদের নৌকাগুলো তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকায় পৌঁছলে সেখান থেকে একটি নৌকা নদীর প্রবল স্রোতে উল্টে যায়। 
 
নৌকায় থাকা ৭ জন বিজিবি সদস্যের মধ্যে ৬জন সাঁতরিয়ে পাড়ে পৌঁছতে পারলেও জুয়েল রানা নামে ওই বিজিবি সদস্য পানিতে তলিয়ে নিখোঁজ হন।
 
বিজিবি বান্দরবান সেক্টরের কর্মকর্তা মেজর জহির উদ্দীন বাবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ওই এলাকায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।